কোরবানির গরু গোসল করাতে গিয়ে কিশোরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালের পানিতে ডুবে এক কিশোর মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার বেলা ১২টার দিকে নাবিল নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম।
১৩ বছরের নাবিল স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে কাউতুলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
ওসি এমরানুল ইসলাম জানান, ঈদের দিন সকালে কোরবানির গরু নিয়ে অন্যান্য সহপাঠীদের সঙ্গে জেলা শহরের কাউতুলী কুরুলিয়া খালে (এন্ডারসন খাল) যায় নাবিল। এ সময় খালের পানির তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা খাল থেকে নাবিলের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।
