২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ভোরে নোয়াখালীতে সড়কে প্রাণ গেল তিনজনের

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 03:28 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

রোববার ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কুরী জানান।  

নিহতরা হলেন- জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) এবং অটোরিকশার চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।  

পুলিশ জানায়, সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে অটোরিকশায় উঠেন। সেখানে বেগমগঞ্জ উপজেলার ফোরকানও ছিলেন।

পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মোয়াজ্জেম ও যাত্রী সোহেল মারা যান।

আহত আমজাদ ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় আমজাদকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মৃতদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।