২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

নামাজ ও শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 02:11 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

বাগেরহাট

বাগেরহাটে রোববার সকাল ৭টায় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জামাতে বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নামাজ শেষে সকলে কুশল বিনিময় করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “সর্বস্তরের মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারায় সবাই আনন্দিত। উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।”

এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদ, শহরের আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাট পৌরসভায় ৪৬টি জামাতে ঈদের নামাজ আদায় হয়।

ফরিদপুর

চাঁদমারি ঈদগায় সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত হয়। চকবাজার জামে মসজিদের প্রেস ঈমাম মুফতি মো. ইমামুল হাসান এতে ইমামতি করেন।

নামাজে মুসলিম উম্মা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তাছাড়াও জেলার ৮টি উপজেলায় ছোট বড় চার হাজার মসজিদ ও ঈদগা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ

দেশ ও জাতির মঙ্গল এবং করোনাভাইরাস থেকে মুক্তি কামনা করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে।

রোববার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন জেলা আদালত মসজিদের ইমাম শেখ হাফিজুর রহমান। এতে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয়।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ধর্মীয় নিয়ম মেনে নারীরাও নামাজ আদায় করেন।

ময়মনসিংহ

জেলার কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে রোববার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ অহমেদ এমপি, জেলা প্রশাসক এনামুল হক নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে মোনাজাত করান ইমাম মোস্তুফা সারোয়ার।

রাজশাহী

নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।

নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।