ঝালকাঠিতে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত পিয়ারা বেগম (৬৫) উপজেরার উত্তর বারবাকপুর গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে আগুন লাগার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে রাজাপুর থানার এএসআই মো. সালাউদ্দিন জানিয়েছেন।
পিয়ারা বেগম বলেন, তার ছেলের সঙ্গে স্থানীয় হাবিবুর রহমান হাবিলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি এ নিয়ে তারা থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হন হাবিবুর। শুক্রবার ঘর সরাতে বলে হুমকি দেন হাবিবুর ও তার লোকজন।
“রাতে তাদের ভয়ে আমি ছেলের বাড়িতে গিয়ে ঘুমাই। এই সুযোগে তারা আমার ঘরে আগুন দেয়।”
তবে হাবিবুর রহমান হাবিল অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমাকে ফাঁসানোর জন্য তারা নিজেরাই তাদের ঘর পুড়িয়ে দিয়েছে।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এএসআই মো. সালাউদ্দিন।
