২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদ কী জিনিস এইবার আমরা বুঝি না’

নেত্রকোণায় বন্যাকবলিত এলাকার মানুষদের এবার ঈদের আনন্দ যেন স্পর্শ করতে পারছে না। অনেকটাই ম্লান তাদের ঈদ আয়োজন। 

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 06:55 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

অন্য বছরগুলোতে সাধ্যমতো কেনাকাটা করতে পারলেও এবার তারা বিশেষ কিছু করতে পারছেন না। প্রায় ২৫ দিন বন্যার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা এই মানুষগুলো নিয়মিত খাবার সংস্থান করতেই হিমশিম খাচ্ছেন।

এ বছর বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলা সিলেট, সুনামগঞ্জ ও নেতদ্রকোণা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে।

নেত্রকোণার সবকটি উপজেলাই বন্যা কবলিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয় হাওর সংলগ্ন উপজেলা খালিয়াজুড়ি, কলমাকান্দা ও মোহনগঞ্জের।

স্থানীয় প্রশাসন ও বন্যা কবলিত এলাকার মানুষেরা জানান, ১৬ জুন রাতারাতি ঢল আর বৃষ্টির পানিতে নেত্রকোনার ১০ উপজেলার ৭৭টি ইউনিয়নের বাড়ি-ঘর সয়লাব হয়ে যায়। এ অবস্থায় জীবন বাঁচাতে পরিবারের লোকজন নিয়ে সবাই উঠেন আশ্রয় কেন্দ্রগুলোতে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনও পানি থেকে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছে না অনেক পরিবার। এমনই

একটি আশ্রয়কেন্দ্র নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় । সেখানে প্রায় ৪০টি পরিবার ২৫ দিন ধরে আশ্রয় নিয়ে আছেন।

তাদের ভাষ্য, এবারের ঈদে তাদের কোনো আয়োজন নেই। অন্য বছরগুলোতে সামর্থ্যমতো কেনাকাটা করেন। ঈদের আনন্দ সবাই উপভোগ করেন। কিন্তু এবার পরিবারের কারও জন্যেই নতুন জামা-কাপড় বা সেমাই কিছুই কিনতে পারেননি তারা।

এই আশ্রয় কেন্দ্রটির মতো মদনে তিনটি আশ্রয় কেন্দ্রে দেড়শতাধিক মানুষ এখনও রয়েছেন। আর জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৮ হাজার মানুষ। আশ্রয় নেওয়া সবারই একই অবস্থা।

আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসি মানুষেরা বলছেন, ঈদের আয়োজন তো দূরের কথা, প্রতিদিনের খাবারই ঠিকমতো জোটাতে পারছেন না।

জাহাঙ্গীরপুর গ্রামের শরিফুল ইসলাম। তিনি ধানের ব্যবসা করতেন। ২২দিন ধরে  অন্তঃসত্বা স্ত্রী রুপা আক্তারসহ পরিবারের তিনজন আছেন জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। বাড়িতে তার টিনের ঘর ছিল। কিন্তু বানের পানিতে থাকার সেই ঘর ভেঙে গেছে।

শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আগে ধানের কাজ করতাম। বাড়িতে পানি আওয়ায় ঘরদোয়ার ভাইংগা গেছে। এখন চলাফেরা খুবই কষ্ট। ঈদ কী জিনিস এইবার আমরা বুঝি না। দানের কাম নাই। বাচ্চাদের কোনো কাপড় কিইন্যা দিতাম পারি নাই। আশ্রয় শিবিরে আইছি। একবার খাইতে পারলে আরেকবার খাইতে পারি না। এই কষ্টটা কইয়া বুঝানি যাইতো না। সামনে ঈদ আইছে। একটা অনুষ্ঠান করবাম, বাচ্চারারে যে নতুন কাপড় কিইন্যা দিয়াম সামর্থ্য নাই।”

হাওর পাড়ের একই গ্রামের দিনমজুর রুকন মিয়া। তিনিও খেয়ে না খেয়ে টাকা জমিয়ে করেছিলেন থাকার জন্যে একটি টিনের ঘর। তার ঘরও পানির তোড়ে ভেঙে গেছে।

তিনি বলেন, “২২ দিন ধইর‌্যা আছি শিবিরে। কাম কাজ পাই না। এইহানে যা পাইতাছি তা দিয়াই দিন পার করতাছি।”

ঈদের দিন কেমনে কাটাবেন জানতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে রুকন মিয়া বলেন, “ঈদ বলতে যেবায় আছি এইবাই।আশ্রয় কেন্দ্রতে যে মাল আইতাছে এইতা দিয়াই চলতাছি। কোনোকানে যাওন যায় না। ঈদের একটা কাপড়ও কিনতে পারছি না। আশ্রয় কেন্দ্র থেইক্যা মাল দিতাছে এইডাই খামু। এছাড়া আমরার আর কিচু নাই।”

একই গ্রামের রাহিমা আক্তার, খোরশেদ আলম, রাণী বেগম, আলেয়া আক্তার। তারাও এই আশ্রয় শিবিরে আছেন ২২ দিন ধরে। কারও সংসারে ৪ জন, কারও ৫ বা ৬ জন সদস্য। তাদেরও অবস্থা  শরিফুল ইসলাম, রুকন মিয়াদের মতোই।

রাহিমা আক্তার বলেন, “অহন ঈদ আইছে । পোলাপান লইয়া আমরা খুব কষ্টতে আছি। আল্লাহ যদি কোনো বাউ করে তাইলে চলবাম। আর বাউ না অইলে এইবায় ঈদের দিন পইরা থাকবাম। করার তো কিছুই নাই।”

জাহাঙ্গীরপুরের খোরশেদ আলম। পেশায় ব্যাটারি চালিত অটোরিকশাচালক চালক।

 তিনি বলেন, “আমি নিজে একজন শ্রমিক। রাস্তায় রিকশা চালাই। রাস্তা-ঘাট সব ডুবানো। কোনদিকে যামিু গাড়ি লইয়া? টাকা পয়সা কামাইতাম পারতাছি না। সরকারে যাই দিছে একবারেরডা দুই তিনবার খাইয়া বাঁচতাছি। আমার তিন ছেলে, দুই মেয়ে আছে। বাবা মা নিয়া আমার সংসারে আষ্টজন লোক আছে। শিবিরে অন্য পরিবাররে যা দেয় আমারেও তাই দেয়। এইডি দিয়াই কষ্টফষ্ট কইর‌্যা কোনরকমে বাঁইচ্যা আছি। সামনে কোরবানির ঈদ আইছে। আমরা গরিব মানুষ। জীবনেও কোরবানি দিতাম পারি নাই। আগে যাদের বাড়িতে যাইতাম। তারাও গরু কিনে নাই। কেমনে কোরবানির ঈদ কাটামু। ”

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, “এই মুহূর্তে মদন উপজেলায় বন্যা পরিস্তিতির অনেকটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনটা আশ্রয় কেন্দ্রে ১৫০ জনের মত মানুষ আছেন। বাকিরা যার যার বাড়িতে চলে গিয়েছেন। ঈদ উপরক্ষে আমরা এখানে পর্যাপ্ত ত্রাণ দিয়েছি। আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে প্রতি ঈদে আমরা যে ভিজিএফ দেই তা তাদেরকে দিয়েছি। এই মুহূর্তে তাদের খাবারের কোনো সমস্যা হচ্ছে না।”

জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র ও দুর্গত এলাকার বানভাসি মানুষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ জুন রাতে হানা দেওয়া বানের পানিতে নেত্রকোণার ১০ উপজেলার ৭৭টি ইউনিয়ন প্লাবিত হয়। এতে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হন। ক্ষতিগ্রস্ত হন পাঁচ লাখ ৫৫ হাজার ৫৫০ জন মানুষ ।

সরকারিভাবে খোলা হয় ৩৩৩টি আশ্রয়কেন্দ্র। সেখানে আশ্রয় নেন প্রায় সোয়া লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দেয় খাদ্য সংকট, অভাব দেখা দেয় গোখাদ্যের ।

বন্যা শুরুর দুই দিনের মাথায় জেলা প্রশাসকের আহ্বানে খালিয়াজুরী উপজেলায় বন্যার্তদের উদ্ধার ও সেবায় কাজ শুরু করেন সেনা সদস্যরা। পরে সেনা সদস্যরা আরো তিনটি উপজেলায় কাজ শুরু করেন।

এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৯৮ মেট্রিক টন জিআর চাল, শিশু ও গোখাদ্যসহ নগদ এক কোটি ৩ লাখ টাকা, সাত হাজার ১১৫ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বন্যায় কয়েক হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। বন্যার শুরু থেকেই ত্রাণ তৎপরতা অব্যাহত আছ। বন্যার্তদের সার্বিক দেখভাল করছে প্রশাসন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। এ নাগাদ দেড় লাখ ওআরএস স্যালাইন ও দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। মোট ৯৬টি মেডিকেল টিম কাজ করছে দুর্গত এলাকায়। জেলার খালিয়াজুরী, মোহনগঞ্জ, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় সেনা সদস্যরাও স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, জেলা স্বাস্থ্যবিভাগে দুই লাখ ৫২ হাজার (খাবার স্যালাইন) ওআরএস স্যালাইন, ১০০০ এমএলের এক হাজার ৪৯৮ ব্যাগ, ৫০০ এমএলের তিন হাজার ১৭৬ ব্যাগ আইভি ফ্লুইড স্যালাইন মজুদ রয়েছে। তাছাড়া ৬৮ হাজার ৯০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপের বিষ প্রতিরোধক ৩৭০ ভায়েল ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে।

তিনি আরও জানান, জেলায় বন্যার পানিতে ডুবে ১৭ জন মারা গেছেন। ত্রাণ বিতরণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বানের পানি ঢুকে পড়ায় নয়টি কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান ব্যাহত হয়েছে।

“বন্যা দুর্গত এলাকায় পানি নামার সময়ে রোগবালাই বেশি হয়। বর্তমান সময়টাতেই বেশি চ্যালেঞ্জ। জেলার দুর্গত এলাকায় মেডিকেল টিমের সদস্যরা রাত-দিন কাজ করছে। তারা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দিচ্ছেন।”