২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধও আছে, বাইকও আছে

ঈদে ঘরমুখী যাত্রীদের চাপে গাজীপুরের দুই মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে। আবার গাড়ির অভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই সঙ্গে আছে রাস্তায় দাঁড়িয়ে থাকার ভোগান্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই সুযোগটা নিচ্ছেন পেশাদার মোটরসাইকেল চালকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 11:10 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

পুলিশ যানজট সামলাতে গিয়ে আটকাতে পারছে না এই দ্বিচক্রযান। তাছাড়া এদের থামাতে গেলে যানজট আরও বেড়ে যায় বলে পুলিশের ভাষ্য।

গাজীপুর সিটি পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গাজীপুর শহরের সালনা থেকে দক্ষিণে ঢাকামুখী লেইনে বোর্ডবাজার পর্যন্ত এবং ময়মনসিংহগামী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উত্তরের দিকে সালনা পর্যন্ত গাড়ির ‘বেশ চাপ’ রয়েছে।

“লম্বা টেইল সৃষ্টি হলেও গাড়ি থেমে নেই। তবে ধীরগতিতে চলছে। মহাসড়কে যানজট এড়াতে টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, জয়দেবপুরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ তৎপর রয়েছে। বিশেষ করে পশুবাহী গাড়িগুলোকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পুলিশ বিশেষ নজর দিচ্ছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

গাজীপুরের ওপর দিয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। দুই মহাসড়কেরই বিভিন্ন এলাকায় দেখা গেছে যাত্রীর চাপ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা এলাকায় শুক্রবার দুপুরে ঘরমুখো কয়েক হাজার মানুষকে বাসের জন্য সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কেউ কেউ গাড়ি পেলেও কয়েক গুণ বেশি ভাড়া নেয় পরিবহনগুলো।

অলি মিয়া নামে একজন পোশাক শ্রমিক বলেন, শুক্রবার দুপুরের পর তাদের কারখানা ছুটি হয়। যানজটের দুর্ভোগ এড়াতে দুই দিন আগেই স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এখন তিনি গাড়ি সংকটের কারণে ভাড়ায় মোটরসাইকেলে যাচ্ছেন।

“এজন্য চান্দনা-চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত সাড়ে নয়শ টাকা গুনতে হচ্ছে।”

স্বাভাবিক দিনে যেখানে ভাড়া ৪০০ টাকা, সেই ভাড়া এখন এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা নিচ্ছে পরিবহনগুলো। এছাড়া বাস না পেয়ে ট্রাক, পিকআপ ও ভাড়ায় প্রাইভেট কারে যাচ্ছেন যাত্রীরা।

আবুল কালাম নামে একজন যাত্রী বলেন, তিনি যাবেন জামালপুর। বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চান্দনা-চৌরাস্তা এলাকায় অপেক্ষা করেও তিনি কোনো বাসে উঠতে পারেননি। পরে তিনি ট্রাকে চড়ে রওনা হন।

ভোগড়া বাইপাস মোড় থেকেও একইভাবে ট্রাকে চেপে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের।

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গের বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। ঈদযাত্রায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে এটি অন্যতম।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার ভোর থেকে চন্দ্রা মোড়ে যাত্রীদের অতিরিক্ত ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর পর্যন্ত আরও ভিড় বাড়ে। বিকেলে জনস্রোত নামে এখানে। আবার বাসের সংখ্যা কমতে থাকে।

ফারহানা আক্তার নামে এক যাত্রী বলেন, তিনি যাবেন বগুড়া। দুপুরে গাড়ি সংকটের কারণে ৫০০ টাকা ভাড়ায় মই বেয়ে ট্রাকে উঠে রওনা দিচ্ছেন।

মহাসড়কে আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চলছে এই দ্বিচক্রযান। দুপুরে সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের চান্দনা-চৌরাস্তা ও বাইপাস মোড় এলাকায় গাড়ি সংকট থাকায় মোটরসাইকেলের ওপর যাত্রী চাপ।

মো. জহির নামে এক ব্যক্তি টাঙ্গাইলে যাওয়ার জন্য গাজীপুরের বাইপাস মোড় এলাকায় গাড়ির জন্য দাড়িয়ে ছিলেন তিন ঘণ্টা। গাড়িতে উঠতে না পেরে মোটরসাইকেলে ১৩০০ টাকা ভাড়ায় রওনা হন।

আব্দুল্লাহ নামে একজন বাইকচালক বলেন, “আমরা পুলিশ থেকে ফাঁকে ফাঁকে চলছি। ঈদে অনেক যাত্রী পাওয়া যাচ্ছে। পুলিশকে ফাঁকি দিয়ে যাত্রী পরিবহন করছি।”

চান্দনা-চৌরাস্তা শাপলা ম্যানসের সামনেও দেখা গেছে এই চিত্র। সারি সারি মোটরসাইকেল যাত্রী পরিবহনের জন্য অপেক্ষা করছে।

মো. শাহজাহান মিয়া নামে একজন মোটরসাইকেল চালক বলেন, “ঈদের সাত দিন মহাসড়কে মোটরবাইক নিষিদ্ধ থাকলেও আমাদের সংসার চালাতে হয়। ঈদে যানবাহনের সংকটে অনেকেই বাইকযোগে গন্তবে যেতে চায়। তাই আমরাও যাত্রীসেবা দিয়ে যাচ্ছি।”

গাইবান্ধা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা স্থানীয় নীট এশিয়া কারখানার শ্রমিক মারুফ হোসেনও আরও অনেকের একই বক্তব্য। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি না পাওয়ায় কয়েক গুণ বেশি ভাড়ার মোটরসাইকেলই তাদের শেষ ভরসা।

পুলিশ মোটরসাইকেল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছে।

উপ-কমিশনার মামুন বলেন, “মোটরসাইকেল পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাস-ট্রাকের মধ্যখানে বাইক থামাতে গিয়ে মহাসড়কে আরও যানজট বেড়ে যায়। তার পরও যতটুকু সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”