নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে; দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলাটি করেন।
পুলিশ জানায়, ছাত্রলীগের বেগমগঞ্জ উপজেলা কমিটির সদস্য হাসিবুল বৃহস্পতিবার দুপুরে গোপালপুর ইউনিয়নের সোবহান মার্কেট দিয়ে তার এক বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে করে গরু বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় যুবলীগ কর্মী হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয়, রকি, জাহিদসহ কয়েকজন অস্ত্রধারী তাদের গতিরোধ করে।
তারা হাসিবুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে জোড়া পোল এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় তারা। সেখান থেকে হাসিবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে হাসিবুলের লাশ বাড়ি নেওয়ার সময় বেগমগঞ্জের চৌরাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় চৌমুহনী-মাইজদী, চৌমুহনী-লক্ষ্মীপুর-ফেনী-কুমিলা আঞ্চলিক মহাসড়কে অধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ গিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে ফিরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
ওসি জাহেদুল বলেন, শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর আসামিদের ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তাররা হলেন- গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও মহবুল্যাপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাহার উদ্দিন (২২)।
