২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

কুমিল্লা সড়কে পৃথক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 04:22 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শুক্রবার ভোর ও সকালে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মৃতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন-বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামের আনিসুর রহমান ভূঁইয়া (৩৫) ও লাকসাম উপজেলার উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদের মেয়ে শ্রাবন্তী আক্তার (১৯)।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার ভোর ৪ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরাতন ওয়েট স্কেলের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়ে।

এতে বাসটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়।

তাছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন; যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আর নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

এছাড়া ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় একটি ট্রাকের ধাক্কায় কুমিল্লাগামী মাইক্রোবাসের যাত্রী আনিসুরের মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে ওসি বেলাল জানান।

তিনি বলেন, আনিস চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

অন্যদিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় কভার্ডভ্যান চাপায় শুক্রবার বেলা ১১টায় প্রাণ হারান শ্রাবন্তী।

লালমাই হাইওয়ে থানার ওসি মাকসুদ আলম বলেন, মামা ফয়েজ ইকবালের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এ ছাত্রী দুর্ঘটনায় পড়েন।