২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলারোয়ায় মাটির বাড়ি সংস্কারের সময় দেয়াল চাপায় নিহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিজের মাটির বাড়ির দেয়াল চাপা পড়ে এক মাদ্রাসার দপ্তরি মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 04:01 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শুক্রবার সকালে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান কলারোয়া থানার এসআই গিয়াস উদ্দীন।

নিহত আব্দুস সবুর (৫৮) গয়ড়া গ্রামের মৃত সৈয়দ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় জি আর বালিকা দাখিল মাদ্রাসায় কাজ করতেন।

জি আর বালিকা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান জানান, ঈদের ছুটির সুবাদে সময় পেয়েই মাটির বাড়ির সংস্কারের কাজ করছিলেন দপ্তরি আব্দুস সবুর। কিন্তু বাড়ির দেয়াল চাপা পড়ে মারা গেলেন তিনি।

এসআই গিয়াস উদ্দীন বলেন, “সকালে আব্দুস সবুর নিজের মাটির বাড়ির জরাজীর্ণ দেয়াল পড়ে যাওয়া ঠেকাতে বাঁশের লাঠি দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দেয়ালটি তার ওপর ভেঙে পড়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল আনসারী বলেন, আব্দুস সবুর দুই ছেলে ও এক মেয়ের জনক।