২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা খুন: লাশ নিয়ে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিহত ছাত্রলীগ নেতা মো. হাসিবুল বাশারের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 03:10 PM

Updated : 25 Jul 2022, 05:04 PM

উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে হাসিবুল খুন হন; এ ঘটনায় ছাত্রলীগের একটি পক্ষের কর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে।

২২ বছর বয়সী হাসিবুল ওই ইউনিয়নের মহাব্বতপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি উপজেলার ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য ছিলেন বলে ওই কমিটির সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী জানান।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সে করে হাসিবুলের লাশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় পৌঁছায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মী, নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ সমাবেশে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীসহ হাসিবুলের স্বজনরা বক্তব্য রাখেন। এসময় তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভের সময় চৌমুহনী-মাইজদী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা দেয়। এরপর আবার যান চলাচল স্বাভাবিক হয়।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী বলেন, “পূর্ব শক্রতার জেরে কোটরা মহব্বতপুর গ্রামের বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে অনুপবেশ করে হাসিবুলকে হত্যা করেছে।”

“ইতোপূর্বে তারা আরেক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছিল। ওই ঘটনায় মামলা করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।”

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ওসি জাহেদুলের ভাষ্য।

তিনি বলেন, “এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।”