২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ঝরে পড়া রোধে খাগড়াছড়িতে আবাসিক বিদ্যালয়

প্রাথমিকে শিশুদের ঝরে পড়া রোধ করতে খাগড়াছড়ির সরকারি তিন আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে থাকা-খাওয়াসহ নানা সুবিধা দিয়ে শিক্ষার্থীদের ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমির মল্লিক সমির মল্লিক

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 12:24 AM

Updated : 25 Oct 2022, 10:54 AM

এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পোশাক, খাবার, শিক্ষা উপকরণসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়গুলো হলো দীঘিনালায় কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুইমারা আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষায় পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আবাসিক বিদ্যালয়গুলো করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।

বর্তমানে শিক্ষার্থী ঝরে পড়ার হার ৬ শতাংশের বেশি বলেও তিনি জানান।

এই তিন আবাসিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ছাত্রাবাসে খাবার, পোশাক, শিক্ষা উপকরণ দেওয়া হয়। পুরো বিষয়টির তত্ত্বাবধান করছে খাগড়াছড়ি পার্বত জেলা পরিষদ।

জেলা পরিষদের নির্বাহী কর্মকতা টিটন খীসা বলেন, পাহাড়ি জনপদ খাগড়াছড়ির অনেক গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় নেই। দুর্গম এলাকা হওয়ার কারণে অনেক শিশুই বিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে পারে না। দুর্গম অঞ্চলের শিশুরা যাতে প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে সেজন্য আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে সরকার।

মহালছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির কথা হয়। কথা হয় জেলা পরিষদের কর্মকর্তার সঙ্গেও।

মহালছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুইনু মারমা, সাম্পারি ত্রিপুরা জানায়, তাদের গ্রামে কোনো স্কুল নেই। তাই তারা আবাসিকে ভর্তি হয়েছে। এখানে তাদের সব ধরনের সুবিধা দেওয়া হয়। দিনে তিন বেলা খাবার, বিদ্যালয়ের পোশাক, জুতা, শিক্ষা উপকরণসহ যাবতীয় শিক্ষা সামগ্রী ও ব্যবহার্য জিনিস দেওয়া হয়।

এই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঊর্মি দাশ ও ক্রাশসং খিয়াং জানান, তাদের স্কুলের সঙ্গে রয়েছে আবাসিক ছাত্রাবাস। এখানে ১শ শিক্ষার্থীদের আবাসিক সুবিধা পেয়ে থাকে। এতে দুর্গম এলাকা - যেমন: সাজেক, মাচালং, কাচালংসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সাথে তাদের যোগাযোগ করার সুযোগ হয়েছে। যদি আবাসিক বিদ্যালয় না থাকত তাহলে তারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেত না। সরকারের এমন একটি উদ্যোগের কারণে তারা ঝরে পরছে না।

শিক্ষার্থীদের ত্রিপুরা, চাকমা ও মারমা ভাষাতেও পাঠদান করানো হয় বলে তারা জানান।

এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ধনমনি চাকমা বলেন, ১৯৮৬ সাল থেকে দুর্গম এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সংকট দূর করতে সরকার মহালছড়িতে আবাসিক বিদ্যালয় স্থাপন করেছে। এখানে সরকার শিক্ষার্থীদের সকল ধরনের সুবিধা বিনামূল্যে দিয়ে থাকে। এখানে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত।

তবে পাহাড়ে দুর্গম ভৌগলিক অবস্থানে কারণে আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাবারাং’ এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ।

তিনি বলেন, বর্তমানে মাত্র তিনটি উপজেলায় আবাসিক বিদ্যালয় রয়েছে। জেলায় ৯ উপজেলার প্রতিটিতে আবাসিক বিদ্যালয় স্থাপন করতে পারলে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে।

দুর্গম পাহাড়ে স্কুলবিহীন গ্রামের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আওতায় আনতে বন্ধ আবাসিক ছাত্রাবাস চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ।

তিনি বলেন, “জেলার মানিকছড়ি, পানছড়ি ও লক্ষ্মীছড়িতে আবাসিক ছাত্রাবাসের অবকাঠামো রয়েছে। জনবল নিয়োগ করে ছাত্রাবাসগুলো চালু করার জন্য সরকারকে অনুরোধ করব।”

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের নয়মাইল এলাকার শিক্ষার্থী ভরতি ত্রিপুরা। নয়মাইলে বিদ্যালয় না থাকায় দীঘিনালায় কাঁঠালতলী আবাসিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিল সে। এখন ভরতি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পাঠদানের পাশাপাশি পোশাক, খাবার, শিক্ষা উপকরণসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করায় খুশি বলে ভরতি ত্রিপুরা জানায়।

একইভাবে জেলার মহালছড়িতে আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছে রুবেল ত্রিপুরা। গ্রামে স্কুল না থাকায় আবাসিকে থেকে পড়াশোনা করছে রুবেল ত্রিপুরা।