ছেলের মাছ ধরা দেখতে যাওয়ার পথেই ঝরল বাবার প্রাণ
ছেলের মাছ ধরা দেখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন বাবা। তবে মাছ ধরা এলাকা পর্যন্ত যাওয়ার আগেই পথে ট্রাকের ধাক্কায় ছিটকে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শুটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান।
নিহত মানিক মিয়া (৫৫) উপজেলার কাতুকর্নপাড়া মহল্লার মৃত ছমেদ মিয়ার ছেলে।
ওসি এমরান জানান, মানিক মিয়ার ছেলে শুটকি ব্রিজ এলাকায় জাল দিয়ে মাছ ধরছিল। ছেলের মাছ ধরা দেখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। শুটকি ব্রিজের কাছাকাছি পৌঁছলে একটি মিনি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্বজনরা গিয়ে মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
