বাইকে পদ্মা সেতু পাড়ি দিয়ে তরুণ আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন এক তরুণ; তবে সেতু এলাকা পার হওয়ার আগেই তাকে আটক করে থানায় দিয়েছেন সেনাসদস্যরা।
আটক মো. খালেদ মাহমুদ নডাইলের নড়াগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বেলা ১২টার দিকে তাকে সেতুর জাজিরা প্রান্ত থেকে আটক করা হয় বলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।
ওসি বলেন, “মাওয়া প্রান্ত দিয়ে একটি বাসের পেছন পেছন টোল না দিয়ে সেতুতে উঠে পড়েন খালেদ। মোটরসাইকেল চালিয়ে বেলা ১২টার দিকে জাজিরা প্রান্ত দিয়ে সেতু থেকে নামা চেষ্টা করেন তিনি। সে সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করে পুলিশে দেন।”
খালেদ পুলিশ হেফাজতে রয়েছেন। তার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা যান। সেতুতে মোটরসাইকেলের অধিক ভিড় আর বেপরোয়া চলাচলে বিশৃঙ্খলা ঠেকানোর জন্য মোটরসাইকেল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।
