২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়ায় ফেরি স্বাভাবিক, লোকাল বাসে চাপ

ঈদযাত্রাকে কেন্দ্র করে গত তিন দশক মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে যে কোলাহলপূর্ণ ও ভোগান্তির চিত্র ছিল ‘নিয়মিত’; পদ্মা সেতু চালুর পর এবারই প্রথম তার ব্যতিক্রম হলো। ঘাটে কোথাও কোনো যানজট নেই, ফেরি চলাচল স্বাভাবিক।

মানিকগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম মাহি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 03:05 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

তবে ঢাকা ও আশপাশ থেকে ফেরি ঘাটে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যাত্রীদের লোকাল বাসে কিছুটা চাপ দেখা গেছে।    

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে।”

বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। লোকাল গাড়িতে করে যাত্রীরা এসে সঙ্গে সঙ্গে ফেরিতে উঠতে পারছেন। ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না। ছোট বা বড় গাড়ির কোনো চাপ নেই।”  

সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সেলফি পরিবহন ও যাত্রী সেবা দ্রুতগতি পরিবহন এবং ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ছেড়ে আসা নীলাচল পরিবহনে যাত্রীরা ঘাটে এসে নামছেন। সবাই প্রায় পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে যাচ্ছেন।  

এ ছাড়া ঢাকা থেকে কিছু বাস রিজার্ভ করেও অনেকে ফেরিঘাট পর্যন্ত আসছেন। তবে এবার যাত্রীদের চোখে-মুখে দ্রুত পদ্মা পাড়ি দেওয়ার আনন্দ দেখা যাচ্ছে। তাদের চোখে-মুখে কোনো ক্লান্তির ছাপ নেই।     

এ ছাড়া দূরপাল্লার বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল না থাকায় যানবাহন আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। বুধবারের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

ঈদ করতে গ্রামের বাড়ি মাগুরায় যাচ্ছেন মাহবুব। সেলফি পরিবহনে করে গাবতলী থেকে ঘাটে পৌঁছাতে তার দুই ঘণ্টার মতো সময় লেগেছে বলে জানান।

“এখন ফেরিতে উঠব। কোনো ধরনের ভোগান্তি নেই। আগে তো জ্যামে অনেক সময় বসে থাকতে হতো।”

গাজীপুরের শ্রীপুর থেকে আসা গার্মেন্টসকর্মী রাশেদুল বলেন, “লঞ্চ পার হয়ে রাজবাড়ী যাচ্ছি। চৌরাস্তা থেকে লোকাল পরিবহনে ঘাটে আসছি। আশুলিয়ার বাইপাইল ও ইপিজেড এলাকায় ঘণ্টাখানেক জ্যামে ছিলাম। তবে ঘাট এলাকা ফাঁকা দেখে ভাল লাগছে।” 

সেলফি পরিবহনের চালক শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ নৌ-পথে যাত্রী কমছে। তবে প্রতিবছর ঈদের এক সপ্তাহ আগে থেকে অনেক চাপ থাকত। ঈদের দুই দিন বাকি, গতকালও যাত্রী ছিল না। তবে আজ সকাল থেকে সেলফি পরিবহনসহ লোকাল পরিবহনে যাত্রী আসছে অনেক। আজ কিছুটা হলেও ঈদ মনে হচ্ছে।“

লঞ্চ ঘাটের পরিচালক পান্না লাল নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতো দিন তো বসে থাকতাম। গতকালও যাত্রী ছিল না। তবে আজ যাত্রীর চাপ বেড়েছে।

“আজ পাটুরিয়া ঘাটে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পার করছি। এ ছাড়া আরিচায় ১১টি লঞ্চ চলছে।“