গোপালগঞ্জে ৬ দোকানে অগ্নিকাণ্ড
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে; আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন দোকান।
উপজেলার ঘাঘর বাজারে মঙ্গলবার রাত ২টার দিকে আগুন লাগার পর কোটালীপাড়া ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।
বাজারের সাহা ক্লোথ স্টোরের মালিক বলরাম সাহা বলেন, রাত ৮টার দিকে সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ২টার দিকে খবর পান বাজারে আগুনে লেগেছে।
“বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৫০ লাখ টাকার কাপড় ছিল।”
আর অজিত সাহার সাগর ক্লোথ স্টোর, কৃষ্ণ দত্তের হৃদয় বস্ত্র বিতান ও দুলাল চন্দ্র সাহার মা মেডিকেল হলের মালামাল আংশিক পুড়ে যায়।
ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে তারা আগুনের কারণ বলতে পারেননি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও এখনও আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সিরাজুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
