কুমিল্লায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টার মামলা না নেওয়ার অভিযোগ
কুমিল্লার মেঘনা উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
উপজেলার রামনগর ছয়ানী গ্রামের আবদুল খালেকের ছেলে মো. মাহফুজুল হক মাসুম এই অভিযোগ করেন তার প্রতিবেশী হেলাল উদ্দিনের বিরুদ্ধে।
তবে হেলাল পাল্টা অভিযোগ তুলেছেন মাসুমের বিরুদ্ধে।
“ড্রেজারের পানি ছড়ানো নিয়ে কথা হয় তার সঙ্গে। একপর্যায়ে আমি ফিরে আসার সময় হেলাল আমার মাথায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।”
পরদিন তিনি থানায় মামলা করতে গেলেও পুলিশ এখনও মামলা নথিভুক্ত না করায় তিনি ভয়ে রয়েছেন বলে জানান।
মাসুম বলেন, তার ধারণা হামলার পেছনে হেলাল ছাড়া আরও কেউ রয়েছে।
“আমি দ্রুত মামলা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার এবং ঘটনাটি ভালভাবে তদন্তের দাবি জানাই।”
তবে হেলাল এই অভিযোগ অস্বীকার করেছেন।
হেলাল বলেন, “মাসুমরা ড্রেজার দিয়ে কবরস্থান ও রাস্তায় বালু ফেলছেন। ড্রেজারের পানি আমার বাড়িতে এসে সমস্যা করছে। এজন্য মাসুমকে ডেকেছিলাম। কিন্তু মাসুম আমার ওপর প্রথমে হামলা করেন। পরে এ নিয়ে হাতাহাতি হলে আমার মোবাইফোনের আঘাতে তার মাথা ফেটে যায়। এর বেশি কিছু নয়। আমি তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করিনি।”
পুলিশ ঘটনাটি ইতোমধ্যেই তদন্ত করেছে বলে জানিয়েছেন ওসি ছমি উদ্দিন।
ওসি বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় থানায় মামলা নেওয়া হবে বলে অভিযোগকারীকে জানিয়েছি।”
