নারায়ণগঞ্জে ট্রাক ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ সহকারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘নিয়ন্ত্রণ হারানো’ ট্রাক দোকানে ঢুকে পড়ায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে; তাছাড়া আহত হয়েছেন চালক।
নিহত মো. শান্ত (১৯) ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার মহব্বত আলীর ছেলে।
শনিবার ভোরে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে তারা হতাহত হন বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হাসেন জানান।
ওসি বলেন, চট্টগ্রামগামী মালবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি এসএস পাইপের দোকানে ঢুকে পড়ে। এতে মো. শান্ত ঘটনাস্থলেই মারা যান।
তাছাড়া চালক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ নবীর হাসেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
