২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক পথচারীর প্রাণ গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2022, 02:01 PM

Updated : 14 Jul 2022, 06:53 PM

উপজেলার পাচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বচর হাইওয়ে থানা ওসি শাখাওয়াত হোসেন জানান।

মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৬৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেনি। 

ওসি বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

“আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন।”

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।