গাজীপুরে পুড়ল ৬ ঝুট গুদাম
গাজীপুর মহানগরীতে অগ্নিকাণ্ডে ছয়টি ঝুটের গুদাম ও দুটি বসতঘর পুড়ে গেছে; তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার দুপুরে নগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান।
তিনি জানান, দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় আগুন হাবিবুর রহমান, তুহিন মিয়া, বিল্পব, নূরে আলম, রফিকের ছয়টি ঝুট গুদাম এবং আলমাছ মিয়ার দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর থেকে দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গুদাম ও বসতবাড়ির মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
