কক্সবাজারে পুকুরে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
কক্সবাজারের বাজারঘাটা পুকুরে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান।
সকাল ১০টায় পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন মারুফুল ইসলাম মাহির (১৯)। তিনি জেলা শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আব্দুল মালেকের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন তারা। পরে উদ্ধারকাজে কক্সবাজার সৈকতে কর্মরত একদল লাইফ গার্ড কর্মীও যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বিকাল ৩টার তার মরদেহ পাওয়া যায়।
নিহতের বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম বলেন, সকাল ১০টার দিকে তারা নয় বন্ধু গোসল নামেন। ১১টার দিকে সবাই উঠে এলেও মাহিকে তারা খেয়াল করেননি। তার জুতা সিঁড়িতে পড়েছিল। বিষয়টি মাহির পরিবারকে জানালে নিখোঁজ হওয়ার বিষয়টি তারা বুঝতে পারেন।
