২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিমুক্ত ঘোষণা

অস্থায়ী বেড়িবাঁধ দিয়ে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্র থেকে পানি নেমে যাওয়ায় সুনামগঞ্জ শহরসহ কয়েকটি বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহও করা হচ্ছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 08:42 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

সোমবার কুমারগাওয়ে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সিলেট সেনানিবাসের মেজর খন্দকার মো. মুক্তাদির এ কথা জানান।

এই উপকেন্দ্র থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বন্যার পানি ওঠায় গত শুক্রবার এই কেন্দ্র বন্ধ হওয়ায় উপক্রম হয়; তবে আংশিক খোলা রেখে নগরীর কয়েকটি স্থানে সরবরাহ অব্যাহত রাখা হয়।

কিন্তু শনিবার ভারি বৃষ্টির কারণে কন্ট্রোলরুমে উঠে গেলে সুনামগঞ্জের সঙ্গে সিলেট নগরীসহ পুরো জেলায় বিদুৎ সরবরাহ ছয় ঘণ্টা বন্ধ থাকে।
পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের প্রচেষ্টায় উপকেন্দ্রের সঞ্চালন ইউনিটকে ঘিরে নতুন করে বাঁধ তৈরি করা হয়। ভেতরের পানি সেচে স্বাভাবিক রাখার চেষ্টা করা হয় বিদুৎ সরবরাহ।
কুমারগাওয়ে ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সিলেট সেনানিবাসের মেজর খন্দকার মো. মুক্তাদির জানান, এ বাঁধ নির্মাণের ফলে সোমবার বিকাল থেকে কেন্দ্রটিকে পুরোপুরি নিরাপদ ও ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়।
একইভাবে সিলেট উপশহরের বিদ্যুৎ উপকেন্দ্রেও অস্থায়ী বাঁধ দিয়ে সঞ্চালন উপযোগী করা হয়েছে বলে তিনি জানান।

৬ ঘণ্টা পর সিলেট নগরীর কিছু স্থানে বিদ্যুৎ  

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রাকৃতিক বিপর্যয় বন্যার এই বিপদে যদি বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেত তবে আমরা নগরবাসী আরেকটি মহা সংকটের মধ্যে পড়ে যেতাম। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ত। কেউ কারো খোঁজ নিতে পারতাম না।  

সোমবার বরইকান্দির বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করেন সিটি করপোরেশনের মেয়র এবং সেনাবাহিনীর একটি দল।

বন্যায় তলিয়ে থাকা বরইকান্দি কেন্দ্রটিও কুমারগাঁওয়ের কৌশলে বাঁধ দিয়ে সেচের মাধ্যামে সঞ্চালন উপযোগী করতে কাজ শুরু করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার এটিও চালু করা সম্ভব হবে বলে আশা করছেন মেয়র।