শিমুলিয়া-মাঝিরকান্দি ৭ ঘণ্টা পর ফেরি চালু
পদ্মায় প্রবল স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত পৌনে ১০টার দিকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে স্রোতের তীব্রতা কমে গেলে সোমবার ভোর ৫টার পর ফেরি চলাচল আবার শুরু হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় দুই শতাধিক ছোট বড় যানবাহন ঘাটে আটকা পড়ে। বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ফেরি জন্য ঘাটে অপেক্ষা করতে হয়।
শফিকুল বলেন, ভোর থেকে ফেরি কুঞ্জলতা, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল, কুমিল্লা, ফরিদপুর দিয়ে আটকে থাকা যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এই নৌপথে এখন পাঁচটি ফেরি চলাচল করছে।
