২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের গৌরনদীতে গৃহবধূর মৃত্যু; হত্যার অভিযোগ

বরিশালের গৌরনদীতে এক গৃহবধূর মৃত্যুর পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার বাবা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 12:56 AM

Updated : 14 Jul 2022, 06:27 PM

উপজেলার বড় কসবা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান।

ওই গৃহবধূর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে কসবা এলাকার জালাল খানের ছেলে টরকী বন্দরের গার্মেন্টস ব্যবসায়ী মাসুম খানের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের কয়েক মাস পরেই মাসুম ও তার পরিবারের লোকেরা এক লাখ টাকা যৌতুক দাবি করে।

এ জন্য বিভিন্ন সময় তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত অভিযোগ করে তিনি বলেন, যৌতুকের জন্য রোববার সকালে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় অজ্ঞান হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“পরে লাশ রেখেই মাসুমের পরিবার পালিয়ে যায়।”

এদিকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার শ্বশুরবাড়ির লোকেদের ভাষ্য।

হত্যার অভিযোগ অস্বীকার করে মাসুম খানের মা রুনু বেগম সাংবাদিকদের বলেন, বিয়ের পর ফেইসবুকের মাধ্যমে তার পুত্রবধূ পরকীয়ায় আসক্ত হয়ে পড়লে মাসুমের সঙ্গে তার বিরোধ দেখা দেয়।

“শনিবার রাতে মাসুম তার মোবাইল ফোন ছিনিয়ে নিলে বাকবিতণ্ডা হয়। এর জেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”

ওসি মো. আফজাল বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কেউ অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।