২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ফেরির সংঘর্ষ: ২ চালক বরখাস্ত, তদন্তে কমিটি

শরীয়তপুরের জাজিরার কাছে দুই ফেরির সংঘর্ষে পিকআপ ভ্যান চালকের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি হয়েছে; ফেরি দুটির চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 05:55 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুর টার্নিংয়ের কাছে রোববার ভোর সোয়া ৪টার দিকে ফেরি ‘সুফিয়া কামাল’ ও ফেরি ‘বেগম রোকেয়ার’ মধ্যে সংঘর্ষ হলে খোকন শিকদার (৪০) নামে এক ব্যক্তি মারা যান; আহত হন আরও ৫০ জন।

এজিএম শফিকুল ইসলাম জানান, তদন্ত কমিটিতে বিআইডিব্লিউটিসির (মেরিন) ডিজিএম একেএম শাহজাহানকে প্রধান করে এজিএম (মেরিন) আহমদ আলী, বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান ও বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিনকে সদস্য করা হয়েছে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

দুপুরে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী শিমুলিয়ার ৩ নম্বর ঘাটে ক্ষতিগ্রস্ত ফেরি দুটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি হতাহতদের সহযোগিতার আশ্বাস দেন।

শামীম আল রাজী বলেন, “এটি দুঃখজনক। সরেজমিন দেখে গেলাম। কমিটি করা হয়েছে। দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে তা নিরুপণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তাছাড়া ফেরি দুটি যারা চালাচ্ছিলেন তাদের বরখাস্ত করা হয়েছে।”

ফেরি দুটির বেশি ক্ষতি হয়নি মন্তব্য করে রোববারের মধ্যেই যাত্রী পরিবহন করবে বলে জানান বিআইডব্লিউটিসির চেয়ারম্যান।