২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কোটি টাকার স্বর্ণ আটক, যাচ্ছিল ‘ভারতে’

যশোরের নাভারন থেকে কোটি টাকার দশটি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 12:30 PM

Updated : 25 Oct 2022, 10:45 AM

স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল বলে দাবি, যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর।

রোববার সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড় থেকে আটক ৪০ বছর বয়সী মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের শের আলীর ছেলে।

মিনহাজ বলেন, “এক সোনা পাচারকারী ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের দিকে আসছে বলে খবর পায় বিজিবি। পরে তাদের একটি টহলদল সন্দেহভাজন হিসেবে সাতক্ষীরা লাইন পরিহনের যাত্রী মনিরুজ্জামানকে আটক করে। এ সময় তার পায়ের নিচে রাখা একটি ব্যাগে তল্লাশি করে দশটি স্বর্ণের বার পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

তিনি বলেন, মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর স্বর্ণগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।