নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যান চাপায় চা বিক্রেতার মৃত্যু
বরিশালে একটি মাছ বাজারে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যান চাপায় এক চা দোকানীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার ভোরে গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি বেলাল হোসেন জানিয়েছেন।
মৃত চা বিক্রেতার নাম-আজিজ মৃধা (৭০)।
আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- বাটাজোর বাজারের মাছ বিক্রেতা আবু তালেব সরদার ও জয় বিশ্বাস।
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে ওসি বলনে, বরিশাল থেকে খালি পিকআপ ভ্যান নিয়ে চালক মাদারীপুরে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাটাজোর বাজারের মাছ বিক্রির স্থানে পাঁচজনকে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই চা বিক্রেতার মৃত্যু হয়।
আমিন মোল্লা নামের স্থানীয় সংবাদকর্মী বলেন, “বরিশাল-ঢাকা মহাসড়কের উপর বাটাজোর বাজার বসে। ভোর রাতের দিকে সেখানে মাছের নিলাম হয় এবং ক্ষুদ্র বিক্রেতারা বিভিন্ন পন্য বিক্রি করেন। মহাসড়কের ওই স্থানটি ঝূঁকিপূর্ণ। পিকআপ ভ্যান চালক সতর্ক না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।”
এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
