২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরবাইকের ২ আরোহী নিহত

কর্দমাক্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে সাতক্ষীরা সদরের বিনেরপোতায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত এবং তাদের এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 01:31 AM

Updated : 02 Aug 2022, 01:49 PM

নিহতরা হলেন- বজলুর রহমান বছির (৫৩) ও আব্দুস সালাম (৪৫)।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হাফিজুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী।

তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিনেরপোতার কর্দমাক্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন মটরসাইকেলের তিন আরোহী।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে শহরের পলাশপোল গ্রামের পাসপোর্ট অফিস এলাকার শাহ আব্দুল কাদেরের ছেলে বছির সেখানে মারা যান।

তাদের অপর সঙ্গী একই গ্রামের রক্সি সিনেমা হলের সামনের বাসিন্দা মইন আলীর ছেলে সালামকে নেওয়া হয় বেসরকারি সিবি হাসপাতালে। সেখানে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন হাফিজুরও গুরুতর আহত।

ওই পুলিশ কর্মকর্তা জানান, বেশ অনেক দিন থেকে সাতক্ষীরা সদরের বিনেরপোতার সড়কটি কর্দমাক্ত থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।