২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের নিয়ে পোস্ট: জয়পুরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে ফেইসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 01:11 AM

Updated : 14 Jul 2022, 06:26 PM

শুক্রবার শহরের পূর্ব বাজার এলাকা থেকে গ্রেপ্তার খাজা আল আমিন সোহাগ (৩৪) জেলা ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক। তার বাবা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম।

মামলার এজাহারের বরাতে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, সোহাগ ফেইসবুকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক ব্যক্তির নামে ‘অশালীন, ভিত্তিহীন, মানহানিকর, কুরুচিপূর্ণ’ বক্তব্য পোস্ট করে আসছিলেন।

এতে ‘বিভিন্ন নেতার মান ক্ষুন্ন হয়’ বলে আদালতে মামলা দায়েরের আবেদন করেন জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু।

ওসি জানান, বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোহাগের বিরুদ্ধে আবেদনটি করেন প্যানেল মেয়র সাবু। বিচারক তা আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন ওসিকে।

এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর শুক্রবার সোহাগকে গ্রেপ্তার করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।