পদ্মা সেতুর দুই পাড়ে নতুন থানার যাত্রা শিগগির
পদ্মা সেতুর নিরাপত্তায় দুই পাড়ে চারতলা ভবনবিশিষ্ট দুইটি নতুন থানার যাত্রা শুরু হচ্ছে শিগগির।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুই থানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
তিনি বলেন, এরই মধ্যে থানা দুটিতে পর্যাপ্ত জনবল পদায়ন করা হয়েছে। এখন থানা দুটির উদ্বোধন ঘিরে চলছে নানা প্রস্তুতি। দুটি থানাই মূলত সেতুর নিরাপত্তা এবং এর সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের আইনি সহায়তার জন্য কাজ করবে। সেতুর পাশাপাশি দুই পাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এই দুই থানা।
পদ্মা সেতুর রোড মার্কিং শেষে যান চলাচলে এখন পুরো প্রস্তুত জানিয়ে দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, “দুই পাড়ে সেতু উদ্বোধন ঘিরে শেষ পর্যায়ের কাজ চলছে। প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের নান্দিনক মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।”
