শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষে নির্বাচন-পরবর্তী সংঘাত
শরীয়তপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে; বাড়িঘর ভাংচুরসহ লুটপাটেরও অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দুই পক্ষের লোকজন।
দুই পক্ষের একজন সদর উপজেলার চিতলিয়া ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি।
অপরজন হলেন পরাজিত প্রার্থী হারুন অর রশিদ। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি।
সালামের অভিযোগ, তার সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ও লুটপাট করেন চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারের লোকজন।
“তবে আমরা কারও ওপর হামলা করিনি।”
অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন পরাজিত হারুন অর রশিদ।
রশিদ বলেন, “আমরা কোনো হামলা করিনি। আমার সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ও লুটপাট করা হয়েছে।”
সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রশিদ ও সালাম।
উভয়পক্ষ অভিযোগ করেছে, পুলিশকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
পালং থানার ওসি আক্তার হোসেন বলেন, ”দুই পক্ষকে মুখোমুখি হতে দেওয়া হয়নি। তবে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।”
এখনও কেউ মামলা করেনি। মামলা হলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান ওসি আক্তার।
