২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউটির ছাত্রের মৃত্যু লেকের পানিতে ডুবে

গাজীপুরে লেকের পানিতে ডুবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2022, 08:11 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

বিশ্বিদ্যালয়ের মাঠের পাশের একটি লেকে শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম প্রধান জানান।

নিহত মোহাম্মদ ফরহান শারিয়ার ফাহিম (২০) ঢাকার দক্ষিণখানের এ কে এম শফিউল আলমের ছেলে। সে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর  প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বিশ্ববিদ্যালয়ের বরাতে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন মিলে মাঠে ফুটবল খেলেন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে পাশের একটি লেকে গোসল করতে নামলে ফাহিম পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাদের চিৎকারে বিশ্ববিদ্যালয়ের স্টাফ ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন।

“উদ্ধারের পর তাকে তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

জনসংযোগ কর্মকর্তা বলেন, লেকটির গভীরতা আনুমানিক ২০ ফুট। সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ফাহিমের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।