২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মাদ্রাসাছাত্রীকে ফুঁসলিয়ে ধর্ষণের অভিযোগ, তরুণ আটক

ফেনীতে এক মাদ্রাসাছাত্রীকে ফুঁসলিয়ে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 09:56 PM

Updated : 02 Aug 2022, 01:47 PM

আটক মো. নুরুন নবী (২২) জেলার ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামের আবদুল হালিমের ছেলে।

বুধবার মধ্যরাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন। 

ওসি মামলার নথির বরাতে বলেন, নুরুন নবী অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার সন্ধ্যায় নুরুনে নবী তাকে ফুঁসলিয়ে ফেনী শহরের পাঠানবাড়ি সড়কে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রী তার পরিবারকে জানিয়ে দেয়। ঘটনার পর ওই রাতেই ছাত্রীর মা নারী ও শিশুনির্যাতন দমন আইনে ফেনী থানায় মামলা করেন।

“নুরুন নবী ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।”

বৃহস্পতিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাতেমা তুজ জোহরার আদালতে নুরুন নবী ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

ওসি নিজাম বলেন, মাদ্রাসাছাত্রীও একই আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। পরে ফেনী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।