২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোরবানির পশু পালনে ‘খরচ বেশি, মানুষের হাতে টাকা কম’

এবার কোরবানির পশু পালনে ‘খরচ বেশি, কিন্তু মানুষের হাতে টাকাও এবার কম’ এমন দাবি করে দুশ্চিন্তার কথা জানিয়েছেন রাজশাহীর খামারিরা।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 08:57 PM

Updated : 02 Aug 2022, 01:47 PM

তার ওপর এ বছর এ জেলায় চাহিদার তুলনায় প্রায় ১০ হাজার বেশি কোরবানির পশু পালন করা হয়েছে বলে প্রাণিসম্পদ দপ্তরের ভাষ্য।

ইতোমধ্যেই শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। জুনের শেষে হাটগুলোয় বেচাকেনায় জমে উঠবে বলে খামারিদের ধারণা।

স্থানীয় সওদাগর এগ্রোর মালিক আরাফাত রুবেল বলেন, তারা কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত। কিন্তু দুশ্চিন্তা কাটছে না।

“আগে মাসে তিন হাজার টাকা খরচ করলে একটা গরু পোষা যেত। এখন গো-খাদ্যের এত দাম যে, মাসে খরচ সাত হাজার টাকা পড়ে যাচ্ছে। তাই কোরবানির বাজারে খামারিরা বেশি দাম চাইবেন সেটাই স্বাভাবিক। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে মানুষের হাতে টাকা কম। পশুর দাম কেমন উঠবে তা নিয়ে একটা শঙ্কা আছে।”

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় এবার ১৬ হাজার ৭৯ জন খামারি ও কৃষকের কাছে আছে এক লাখ ২১ হাজার ৩৭২টি গরু, দুই লাখ ৩৩ হাজার ২৩৫টি ছাগল, ৩৮ হাজার ২৪৫টি ভেড়া ও তিন হাজার ২১১টি মহিষ।

জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা জুলফিকার আখতার হোসেন বলেন, জেলায় এবার কোরবানির জন্য সম্ভাব্য চাহিদা তিন লাখ ৮২ হাজার ১১৮টি। চাহিদার চেয়ে প্রায় ১০ হাজার পশু বেশি আছে খামারিদের হাতে।

তবে দাম ভাল থাকবে বলে তিনি মনে করেন।

“এবার করোনাভাইরাস না থাকায় কোরবানির পশুর হাট জমবে। ভাল দামও পাবেন খামারিরা। গো-খাদ্যের দাম বাড়ার কারণে এবার কোরবানির পশুর দামও বাড়তে পারে।”

তিনি বলেন, রাজশাহীতে কত গবাদিপশু আছে তার একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, জেলায় পশুর অভাব নেই। রাজশাহীর পশু দিয়ে এ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও পাঠানো যাবে।