২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 08:01 PM

Updated : 02 Aug 2022, 01:47 PM

উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামে বুধবার রাতে হত্যাকাণ্ডের পরই তাকে গ্রেপ্তার করা হয় বলে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান।

গ্রেপ্তারকৃত নান্টু সিকদার (৩০) ওই গ্রামের চানমদ্দিন সিকদারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বছর পাঁচেক আগে নান্টুর সঙ্গে গৌরনদী উপজেলার মো. খলিলুর রহমানের মেয়ে মাহমুদার বিয়ে হয়। নান্টু বর্তমানে বেকার। এ নিয়ে পারিবারিক কলহ হলে মাহমুদা বাবার বাড়ি চলে যান। দুই দিন আগে ফিরিয়ে আনতে গেলেও মাহমুদা ফেরেননি। বুধবার বিকালে শাশুড়ির ফোন পেয়ে মাহমুদা ফিরে যান শ্বশুরবাড়ি।

নান্টুকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি বলেন, “বুধবার রাত ১১টার দিকে নান্টু হঠাৎ করে মাহমুদাকে কোপাতে শুরু করেন। চিৎকার শুনে নান্টুর বাবা ও ভাই এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করেন নান্টু। মাহমুদা পাশের আমবাগানে পালিয়ে গেলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করেন নান্টু।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নান্টু হত্যার কথা স্বীকার করেছেন বলে ওসি জানান।

ওসি বলেন, পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।