ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে প্রাণিসম্পদ কর্মকর্তা অবরুদ্ধ
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ৩টা থেকে কলেজের প্রশাসনিক ভবনে ডা. শুখেন্দু শেখর গায়েনকে অবরুদ্ধ করা হয়। ভবনের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)’ ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি করা হলেও ‘বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এ এইচ’ ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রি দাবি করছেন তারা।
এ বিষয়ে ডা. শুখেন্দু শেখর গায়েন বলেন, তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালকের কথামতো আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য এখানে আসেন।
জেলা প্রশাসক মনিরা বেগম জানান, খবর পেয়ে তিনি একজন অতিরিক্ত জেলা প্রশাসককে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য পাঠান। শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে অনড় মনোভাব ব্যক্ত করেছেন।
