ফেনীতে বাসচাপায় রিকশাচালক ও মাদ্রাসাছাত্রী নিহত
ফেনীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও মাদ্রাসাছাত্রীর মৃত্য হয়েছে।
সদর উপজেলার চালতাতলায় ফেনী-সোনাগাজী সড়কে বুধবার দুপুরে তারা মারা যান বলে সদর থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।
নিহতরা হলেন সদর উপজেলার উত্তর ধলিয়া এলাকার আবুল কালামের ছেলে রিকশাচালক মো. নুরুজ্জামান (৪২) ও গোবিন্দপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে উম্মে হাবিবা শারমিন (১৩)।
শারমিন উপজেলার গোবিন্দপুর মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ওসি স্থানীয়দের বরাতে বলেন, চলার পথে চাকা ফেটে গেলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি একটি অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে চালক ও এর যাত্রী শারমিন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চালকের মৃত্যু হয়।
শারমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয় বলে ওসি জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
