সুনামগঞ্জে নৌকা ডুবে এসএসসি পরীক্ষার্থী বোন ও ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যার পানিতে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
তারা হল উপজেলার উমরপুর গ্রামের ময়না মিয়ার এসএসসি পরীক্ষার্থী মেয়ে তামান্না ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে সৌরভ।
বুধবার সকালে তারা মারা যায় বলে সুরমা ইউনিয়ন পরিষদ সদস্য শেফালি বেগম জানান।
শেফালি বলেন, সকাল থেকে অঝোরধারায় বৃষ্টি হচ্ছিল। কয়েক দিনের বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট ও চারপাশ ডুবে গেছে। সকালে বৃষ্টির মধ্যে এই ভাইবোন স্থানীয় সমুজ আলী উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল নৌকায় করে। পরে বন্যার পানিতে তাদের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
“বৃষ্টিতে ও ঢেউয়ে ছোট ডিঙ্গি নৌকা ডুবে তারা তলিয়ে যায় বলে ধারণা করছে এলাকাবাসী।”
অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানান দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর।
