জনশুমারি: মধ্যরাতে ছিন্নমূল মানুষের কাছে তথ্য সংগ্রহকারী
সারা দেশে শুরু হয়েছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কাজ; ফেনীতে মধ্যরাতে ছিন্নমূল মানুষের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করছেন সংশ্লিষ্টরা।
রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট’ হিসেবে ধরে তথ্য সংগ্রহকারীরা সপ্তাহব্যাপী এ জনশুমারি ও গৃহগণনা শুরু করেন; এটি শেষ হবে ২১ জুন।
ফেনী শহরের রেলওয়ে স্টেশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল ফ্লাইওভারের নিচে, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, রাজাঝির দিঘীর পাড়ের ছিন্নমূল মানুষের তথ্য সংগ্রহের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তথ্য সংগ্রহকারীদের সহায়তা করেন।
রাত সাড়ে ১২টায় ফেনী রেলওয়ে স্টেশন সরেজমিন ঘুরে দেখা যায়, মাহমুদুল করিম ও নাজমুল হাসান নামে দুই তথ্য সংগ্রহকারী জনশুমারির কাজ করছেন। স্টেশন এলাকায় থাকা ভাসমান মানুষের তথ্য তারা সঙ্গে থাকা নেটযুক্ত ট্যাবে সংগ্রহ করছেন।
তথ্য সংগ্রহকারী নাজমুল হাসান বলেন, এ এলাকায় দুজন কাজ করছেন। জনশুমারি কাজ শুরুর আগে এই স্থানে কয়েক দফায় প্রাথমিক জরিপ করা হয়েছে। ওই জরিপের মাধ্যমে ধারণা করা হচ্ছে, স্টেশন এলাকায় অন্তত ৬০ জনকে জনশুমারির আওয়তায় আনা যাবে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. শহীদ উল্যাহ বলেন, “জনশুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমি নিজেই রাত ১২টায় ফেনী রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করে তথ্য সংগ্রহকারীদের কাজ তদারকি করেছি।”
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ কাজে সহায়তার জন্য এরই মধ্যে তথ্য সংগ্রহকারীদের বিট পুলিশ কর্মকর্তাদের নাম ও মোবাইল নাম্বারের তালিকা দেওয়া হয়েছে। যখনি প্রয়োজন তারা সহায়তা করবেন।
পরিসংখ্যান বিভাগ ফেনীর উপ-পরিচালক গৌতম পাল বলেন, জেলার ছয় উপজেলায় ৩৩ জন জোনাল অফিসার, ৩৩ জন আইটি সুপারভাইজার, ৫৭৪ জন সুপারভাইজার, তিন হাজার ২৮৯ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা বুধবার থেকে সাত দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনার কাজ করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পর পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
