সিদ্ধিরগঞ্জে সংঘর্ষ: পুলিশের মামলায় আসামি বিহারি কলোনির সাড়ে তিনশ বাসিন্দা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনির বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
মঙ্গলবার বিকালে এসআই তন্ময় মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান।
তিনি বলেন, মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে বিহারি কলোনির দুই থেকে তিনশ নারী-পুরুষকে।
পুলিশ জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদের ভেতরে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ ১২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়।
পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোর পর্যন্ত ওই মামলার আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৩২ জনকে আটক করে।
তাদের মুক্তির দাবিতে সোমবার সকালে বিহারি কলোনির লোকজন সড়ক অবরোধ করে। তাদের উঠাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ শতাধিক কাঁদুনে গ্যাস ও শতাধিক রাবার বুলেটে নিক্ষেপ করে। এ সময় চার পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়।
একদিন বাদে দায়ের করা মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি মশিউর।
তিনি বলেন, “ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ানের মাধ্যমে নিশ্চিত হয়ে সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আসামি করা হয়েছে।”
“এ ঘটনায় সাধারণ ও নিরীহ কাউকে জড়ানো হবে না। এখনও পর্যন্ত এ মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।”
পুলিশ জানায়, জুম্মার নামাজের পর ইমাম সাহেব ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির নিন্দা জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তখন এসআই আজিজুল হক অনুরোধ করেন যে, ভারতের ঘটনা সেখানে থাকুক। এখানে যেন কেউ বিশৃঙ্খলা না করে। তখনি তার ওপর হামলা হয় এবং তাকে মারধর করা হয়।
এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ ১২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়। তারপরই পুলিশ সুমিলপাড়া বিহারি কলোনিতে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে।
