‘আমরা কি বিশ্ববিদ্যালয়ে আছি?’ প্রশ্ন রাবি শিক্ষকের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ‘হলে উঠতে না পারা, শিক্ষার্থীদের হয়রানি ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা যোগ দেন কর্মসূচিতে।
সেখানে কয়েকজন শিক্ষক বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, “আমরা কি আদৌ কোনো বিশ্ববিদ্যালয়ে আছি নাকি কিছু বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করছি? এমন একটি কাঠামোর মধ্যে আছি যেখানে বিল্ডিং, গাড়ি, আইন আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় নেই!
“বিশ্ববিদ্যালয়ে ক্লাসগুলো নিয়মিত হয় না, অথচ সান্ধ্য কোর্সের ক্লাসগুলো ঠিকই শিক্ষকেরা নিচ্ছেন। ঠিক সময়ে পরীক্ষার ফলও দেওয়া হচ্ছে না। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে না এবং একই চোতা গত ২০ বছর ধরে পড়ানো হচ্ছে। অথচ এত কিছুর পরও কেউ শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলছে না।”
হায়দার বলেন, “আসল যে বিশ্ববিদ্যালয়ের ধারণা, তার শিক্ষা, সংস্কৃতি তা যে দিনের পর দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে কথা বলছি না।
“এমন বাস্তবতায় আপনারা কী করে আশা করেন যে একজন শিক্ষার্থী খুব সহজেই হলে উঠতে পারবে? কোনো একজন শিক্ষক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এসব কথা বললে তাকে হেনস্তার স্বীকার হতে হয়। এটি একটি সার্বিক পরিস্থিতির ফল, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিদ্যমান বাস্তবতায় এ সংকট তৈরি করেছে। তাই কেবলই হলের সিট বাণিজ্য, দখলদারিত্ব নিয়ে কথা বললে চলবে না।”
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “ইদানীং র্যাংকিং নিয়ে খুব কথা হচ্ছে। যে প্রক্রিয়ায় এ দেশে শিক্ষক নিয়োগ হয়, পাঠ দেওয়া হয় এবং যেখানে একজন শিক্ষার্থী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় সেখানে র্যাংকিং ভাবনা লজ্জার।“
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বরাদ্দ থাকা সত্ত্বেও হলে উঠতে না পারার অভিযোগ করেন।
অভিভাবকরাও এ কর্মসূচিতে যোগ দেন।
নূর হোসেন মোল্লা নামে একজন অভিভাবক বলেন, তার মেয়ে এখানে ভর্তির পর তিনি বিভিন্ন বিষয় জেনে বিস্মিত হয়েছেন।
ছাত্রী হল সন্ধ্যা ৭টায় বন্ধ করার সমালোচনা করে তিনি বলেন, “ছাত্রী হলগুলো কি জেলখানা যে সন্ধ্যা ৭ বাজলেই তাদের আবদ্ধ থাকতে হবে? অবশ্যই এরূপ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
