বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে।
সোমবার বেলা ১১টায় নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম জানান।
মৃতরা হলেন- নন্দীগ্রামের কুস্তা গ্রামের জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৫) ও নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।
এসআই বলেন, অটোরিকশাটি রণবাঘা থেকে যাত্রী নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। পথে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
তারিকুল বলেন, ট্রাক ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
