২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটে গজ রেখে সেলাই: চিকিৎসককে অব্যাহতি, ২ সেবিকাকে শোকজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনায় এক চিকিৎসককে অব্যাহতি ও দুই সেবিকাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 11:23 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পেয়ে রোববার এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রসূতির পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার ঘটনায় গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটি শনিবার প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে দায়িত্বরত হাসপাতালের অবৈতনিক সার্জন ডা. মো তারেকের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে।

“তাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি চিঠি আকারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, অব্যাহতিপ্রাপ্ত চিকিৎসক তারেক এমবিবিএস পাস করে হাসপাতালের গাইনি বিভাগে ছয় মাসের প্রশিক্ষণ নিচ্ছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তিনি এখন থেকে আর হাসপাতালে প্রশিক্ষণ নিতে পারবেন না।

বরিশালে পেটে গজ রেখে সেলাই, তদন্তে কমিটি  

শোকজ (কারণ দর্শানোর নোটিস) পাওয়া দুই স্টাফ নার্স মিঠু রানী দাস এবং সুমী সরকারকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে বলে পরিচালক জানান।

তদন্ত কমিটির প্রধান হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডা. মো. নাজিমুল হক বলেন, “সম্পূর্ণ অবহেলা ও অসতর্কতার কারণে ঘটনাটি ঘটেছে। সবকিছু বিবেচনা করে প্রতিবেদন দিয়েছি। দায়িত্বরতদের সজাগ রাখতে অবহেলাকারীকে শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হবে।”

প্রসূতির স্বামী নলছিটি উপজেলার বাসিন্দা জিয়াউল হাসান বলেন, গত ১৬ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন তার স্ত্রী শারমিন আক্তার শীলা। অস্ত্রোপচারের পর তার পেটে গজ রেখেই সেলাই দেওয়া হয়।

স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার কিছু দিন পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ মে পুনরায় অস্ত্রোপচার করে গজ অপসারণ করা হয়।

হাসপাতাল পরিচালক জানান, এ ঘটনা গত ৩১ মে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সার্জারি বিভাগের প্রধান ও কলেজের উপাধ্যক্ষ ডা. নাজিমুল হকের নেতৃত্বে তিন সদস্যের কমিটির অন্য দুই সদস্য ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহীন ও গাইনী বিভাগের প্রধান খুরশীদ জাহান।