২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগ

বান্দরবান সদরের দুই পাহাড়ি যুবককে একদল সশস্ত্র ব্যক্তি অপহরণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 09:53 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

শুক্রবার দুপুরে উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে রাজবিলা ইউনিয়নে তঞ্চঙ্গ্যা পাড়া থেকে তাদের অপহরণ করা হয় বলে তাদের ভাষ্য।

বান্দরবান সদর থানা পুলিশ বিষয়টি শুনেছে বললেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি।

এ দুই ব্যক্তি হলেন রাজবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তঞ্চঙ্গ্যা পাড়ার বীরমোহন তঞ্চঙ্গ্যার ছেলে খোকা তঞ্চঙ্গ্যা (৩৫) এবং পাড়ার দোকানি জীবন চাকমা (৪০)।

নাম না প্রকাশের শর্তে পাড়াবাসীরা জানান, দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে চার-পাঁচজনের একদল অজ্ঞাত পরিচয় সশস্ত্র যুবক তঞ্চঙ্গ্যা পাড়ায় এসে খোকা তঞ্চঙ্গ্যা ও জীবন চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে অজ্ঞাত ওই সশস্ত্র যুবকদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা বলেন, পাড়াবাসীরা তাকে পাড়ার দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।”