পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী স্কুলছাত্র নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে; আহত হয়েছে তার বন্ধু।
উপজেলার মন্নাপাড়ায় শুক্রবার বিকালে তারা হতাহত হন বলে বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী জানান।
নিহত মনিরুল ইসলাম (১৪) উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের ভীমপুকুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। উপজেলার পাথরাজ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
ওসি স্থানীয়দের বরাতে জানান, বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে বোদা বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বোদা-পঞ্চগড় সড়কে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মনিরুল।
এতে আহত হয় তার বন্ধু সৌরভ ইসলাম (১৫)।
সৌরভকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মনিরুলের স্বজন ও এলাকাবাসী পঞ্চগড়-ঢাকা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ট্রাকচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
ওসি বলেন, নিহতের পরিবারের অভিযোগ দেয়নি। অভিযোগের পর ট্রাকচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পুলিশ।
