২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এসি বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তাসহ আহত ৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসি সার্ভিসিংয়ের সময় বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 07:26 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

উপজেলার মৌচাক বাজারে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় বুধবার দুপুরে তারা আহত হন বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক সাইফুল ইসলাম জানান।

আহতরা হলেন ব্যাংকের দুই কর্মকর্তা গিয়াস উদ্দিন (৩২), শরিফ উদ্দিন তাহসিন (২৪), ইলেকট্রিশিয়ান জাকারিয়া চৌধুরী (২৬) ও আমিনুল ইসলাম (৩২)।

পরিদর্শক সাইফুল বলেন, ঢাকা থেকে তিন ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ব্যাংকের এসি সার্ভিসিংয়ের জন্য যান। কাজ করার সময় বিস্ফোরণ ঘটলে চারজন আহত হন। খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তার আগেই ব্যাংকের লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যান।

প্রথমে তাদের মৌচাক পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান পরিদর্শক সাইফুল ইসলাম।