ধর্ষণের ভিডিও ‘ছড়ানোয় আত্মহত্যা’: রিমান্ডে ইউপি সদস্য
নারায়ণগঞ্জের বন্দরে তরুণীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া ও তরুণীর আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার এক ইউপি সদস্যকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুর রহমানের আদালত তাকে রিমান্ডে পাঠায়।
ওসামবার রাতে ইউপি সদস্য আব্দুল মোমেন কচিকে (৫২) উপজেলার বালিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জ আদালত পরির্দশক আসাদুজ্জামান জানান, তরুণীকে ‘আত্মহত্যার’ প্ররোচনা এবং ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণীর মা। রাতে এ মামলায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমেন কচিকে গ্রেপ্তার করে পুলিশ।
“মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মামলার আরেক আসামি মো. দবিরকে মঙ্গলবার দুপুরে বন্দর উপেজলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি নুরুল আমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
