মামলার পর ধর্ষণের ভিডিও অনলাইনে, নারায়ণগঞ্জে তরুণীর ‘আত্মহত্যা’
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার চার দিন পর অনলাইনে ভিডিও আসায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
জেলার বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকায় সোমবার সকাল ১০টার দিকে ২২ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
তরুণীর মায়ের অভিযোগ, তিনি ও তার স্বামী বাড়ির বাইরে কাজে যাওয়ার পর নূরুল আমিন নামে এলাকার এক ব্যক্তি বাড়িতে ঢুকে তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন। পরে নূরুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি বন্দর থানায় মামলা করেন। মামলার জেরে নূরুলের স্ত্রী ও ভাগ্নে রোববার রাতে তরুণীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
“এই অপমানে মেয়ে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।”
মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বন্দর থানার ওসি দীপকচন্দ্র সাহা বলেন, তরুণীর মৃত্যুর পর থেকে নূরুল ও তার লোকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।
