২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ময়লা নিয়ে ক্ষোভ

সবুজে ঘেরা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ময়লা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোমান মিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 08:16 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

টিলা আর খালে ফেলা ময়লার স্তূপ দেখে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়টি যেন ভাগাড়ে পরিণত হচ্ছে!

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী শিক্ষার্থীদের সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি মো. মাকসুদুল হোসেন ভূইঁয়া।

মাকসুদুল বলেন, “ময়লার প্রচণ্ড দুর্গন্ধ আর দৃষ্টিকটূ দৃশ্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান। ময়লার স্তূপে জমে থাকা ঝুঁকিপূর্ণ বিভিন্ন বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে মিশে চলে যাচ্ছে খালের পানিতে।

“ফলে এসব জায়গার পানি দূষিত ও দুর্গন্ধ হয়ে গেছে। প্লাস্টিক বর্জ্যগুলো নর্দমায় পড়ায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।”

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের পাশে গাজী-কালুর টিলার নিচে একটি ময়লার স্তূপ রয়েছে। সেখানে পলিথিনই বেশি। আছে প্লাস্টিক বর্জ্যও।   এর সঙ্গে অন্যান্য বর্জ্য মিশে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যা বাতাস বয়ে নিয়ে যাচ্ছে পাশের টিলা পর্যন্ত এবং আশপাশের আরও অনেক দূর পর্যন্ত।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনের খালেও প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য ময়লা দেখা গেছে। খালের পাশের জায়গাতেও পলিথিনসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে আছে।

আবাসিক শাহপরাণ হলের সামনের ছোট খাল এবং হলের পাশের টিলাও ঢেকে যাচ্ছে ময়লার স্তূপে।

শিক্ষার্থীরা বলেন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে  ময়লা রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকলেও, সময়মত সেখান থেকে ময়লা সরানো হয় না। তাই জায়গাটা থেকে দুর্গন্ধ যায় না।

পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, শাহপরাণ হলের ময়লা জমিয়ে রাখা হয় হলের সামনের খালে, যাতে বৃষ্টি হলে তা ভেসে ভাটিতে চলে যায়।

বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নারায়ণ সাহা ময়লা অব্যবস্থাপনার ক্ষতিকর দিক তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  “এ রকম থাকাটা আসলে সব দিক দিয়ে ক্ষতির। এটা যেমন মাটির দিক দিয়ে ক্ষতির, আশপাশের পরিবেশের জন্য ক্ষতির। তাছাড়া মাটির সাথে প্লাস্টিক থাকলে সেগুলো গাছের বেড়ে ওঠার জন্য খারাপ প্রভাব ফেলবে। এগুলো আগুনে পুড়িয়ে ফেলাতেও ক্ষতি।”

তিনি প্লাস্টিক রিসাইকেলও করার পরামর্শ দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ময়লা ব্যবস্থাপনা নিয়ে উদ্যোগ থাকা দরকার।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ময়লা ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ইউজিসির মাধ্যমে ময়লা ব্যবস্থাপনার জন্য ৬০ লাখ টাকার একটি প্রকল্প বরাদ্ধ পেয়েছে বিশ্ববিদ্যালয়। কয়েক মাসের মধ্যে আবর্জনা ব্যবস্থাপনা সুন্দরভাবে করা হবে।

ময়লার স্তূপ হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “কোভিড মহামারীতে বন্ধের পর অনেক ধরনের অনুষ্ঠান এবং গত রমজানে অনেক ইফতার পার্টি, বিভিন্ন ডিপার্টমেন্টের বারর্বিকিউ পার্টির কারণে বর্জ্যরে পরিমাণটা বেড়েছে।”

তবে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের ভাষ্য, ক্যাম্পাসের কার্যক্রম শুরুর সময় থেকেই টিলার পাশে ময়লা ফেলা হয়। এসব ময়লা পুড়িয়ে ফেলা হয়। কিন্তু কয়েক দিন বৃষ্টির কারণে এটা হচ্ছে না। এগুলোও পুড়িয়ে ফেলা হবে।

কেন এভাবে ময়লা ফেলা হয় জানতে চাইলে তিনি স্বীকার করেন, “ময়লার নিষ্কাশনের ভাল ব্যবস্থাপনা নেই।”

সিটি কর্পোরশেনের সঙ্গে এ বিষয়ে ‘কথাবার্তা চলছে’ বলে তিনি জানান।

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে এ প্রসঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে চেষ্টা করা হয়। কিন্তু তিনি সাড়া না দিয়ে লাইন কেটে দেন।

সিটি কর্পোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।