২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: গেঞ্জি দেখে ফায়ারম্যান রনির লাশ শনাক্ত

সীতাকণ্ডের অগ্নিকাণ্ডের খবর পেয়ে গেঞ্জি পরে বাসা থেকে বের হয়েছিলেন ফায়ারম্যান রমজানুল ইসলাম রনি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর গেঞ্জি দেখে সোমবার স্বজনরা তার লাশ শনাক্ত করেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 08:12 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

রমজানুল ইসলাম রনি (৩২) শেরপুর সদর উপজেলার চরশেরপুরের বালুঘাটা এলাকার আক্রাম হোসেন আঙ্গুরের ছেলে। তিনি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট এলাকায় তার জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজ পরিচালনা করেন রনির চাচা মুফতি নজরুল ইসলাম আজাদী। জানাজায় রনির আত্মীয়-স্বজনসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সকাল ৯টায় শেরপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত রনির কফিন সামনে রেখে গার্ড অব অনার প্রদান করেন এবং কফিনে পুষ্পস্তবক অর্পণ করে সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

স্থানীয়রা জানান, রনির লাশবাহী গাড়ি মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বালুঘাটা গ্রামে প্রবেশ করে। মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীয় শোকার্ত মানুষ তাদের বাড়িতে ভিড় করেন।

রনির চাচা সাবেক ইউপি সদস্য মো. জামান মিয়া জানান, দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন রনি। তিন মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে বদলি হন। আট মাস আগে বিয়ে করেন। স্ত্রী শেরপুরের শ্রীবরদী উপজেলার রূপা খাতুনকে নিয়ে সেখানেই বাসা নিয়ে থাকতেন রনি। 

রনির ছোটভাই তারিকুল ইসলাম রকিব ময়মনসিংহের একটি কলেজে স্নাতকে পড়াশোনা করেন।

রনির স্ত্রীর উদ্বৃতি দিয়ে রবিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাসা থেকে গেঞ্জি পরে বেরিয়ে যায় রনি। রোববার সকাল ১০টা পর্যন্ত তাকে মোবাইলে না পাওয়ায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিকৃত মরদেহের মাঝে গেঞ্জি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর এই অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণে নিহতদের মধ্যে ২৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে বাকি ১৫ জনের পরিচয় শনাক্তে দ্বিতীয় দিনের মতো ডিএনএ’র নমুনা সংগ্রহ হয়েছে।

এই পর্যন্ত ৪১টি লাশ উদ্ধারের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ২২ জনের বিপরীতে দুই দিনে ৩৯ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।