২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর প্রাণদণ্ড

শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 06:51 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত এমদাদুল হক লালু (৪৫) শেরপুর সদরের মুকসুদপুর হাজী বাড়ির প্রয়াত মকবুল হোসেনের ছেলে।

মামলার বরাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি মো. গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১০ সালে সদর উপজেলার মুকসেদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে এমদাদুল হক লালুর বিয়ে হয়। পার্শ্ববর্তী ছয় ঘড়িপাড়া তার শ্বশুরবাড়ি।

বিয়ের পর থেকেই এমদাদুল হক যৌতুকের জন্য স্ত্রীকে নানাভাবে চাপ ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে মামলার অভিযোগ।

২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রাতে স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন এমদাদুল হক লালু এবং স্ত্রী রাজি না হলে প্রচণ্ড মারধর করেন। এতে স্ত্রী গুরুতর আহত হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন শ্বরবাড়ির লোকজন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টম্বর রাত ৩টার দিকে তিনি মারা যান। মৃত ওই গৃহবধূর মাথা, কপাল, কাঁধ ও কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি এমদাদুল হক লালুকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেন।